নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাছিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
পলাশ দৈনিক রূপবানী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (পাস) চূড়ান্ত বর্ষের ফলপ্রার্থী ছিলেন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, ছাত্রলীগের সাবেক নেতা মোফাচ্ছের হোসেন চুন্নু, সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম স্বপনসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি।
গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিক পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরদিন বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যায়। ময়নাতদন্তের জটিলতার কারণে গত ৪দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিল পলাশের মরদেহ। ময়নাতদন্ত শেষে রোববার দিবাগত রাত ১টার দিকে তার মরদেহ বাড়িতে আনা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নিহতের বাবা মনির হোসেন সদর থানায় বাদি হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে ফয়েজুন নেছাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিরা পলাতক রয়েছে।