নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতি রোডে সড়ক দুর্ঘটনায় এক নববধূ নিহত হয়েছেন। তার নাম মদিনা (১৮), স্বামীর নাম ইমরান। তিনিও আহতাবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রামগতিতে ঘোরাফেরার পর মোটরসাইকেল যোগে নবদম্পতি লক্ষ্মীপুরের দালালবাজার নিজবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ভবানীগঞ্জ এলাকায় আসলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া একটি লেগুনার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নবদম্পতি মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত নববধূ মদিনাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মদিনা লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলিরাজা পাটোয়ারী বাড়ির ইমরানের নববিবাহিত স্ত্রী। আহত ইমরান ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করে এবং ঢাকাস্থ দালাল বাজার ফোরামের প্রচার সম্পাদক।