নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে শোকরের নেছা (৬০) নামে এক ইউপি মহিলা মেম্বারের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসূফ আলীর (মিয়া ভাই) ইন্দনে ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুর করিম ও শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান অতর্কিতভাবে ওই মেম্বারের উপর হামলা চালায়। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চরমার্টিন বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে চরমার্টিন বাজারে পারিবারিক প্রয়োজনে কেনাকাটার জন্য যান চরমার্টিন ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার শোকরের নেছা। এরপর বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এ ঘটনায় ওই মহিলা মেম্বার হামলার অভিযোগ আনেন চেয়ারম্যানের তালতো ভাই নুর করিম ও ভাতিজা আব্দুর রহমানের বিরুদ্ধে। এ সময় মেম্বারকে এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ইউপি মেম্বার শোকরের নেছা বলেন, ইতিপূর্বে চেয়ারম্যান ইউসূফ আলী ইউনিয়ন পরিষদে অন্যান্য মেম্বারদের উপস্থিতিতে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর শাখায় অভিযোগ করার খবর পেয়ে চেয়ারম্যান তার লোকজন দিয়ে আমার উপর হামলা চালায়। এছাড়াও লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে চেয়ারম্যানের লোকজন দফায় দফায় তাকে হুমকি ধমকিসহ প্রাণনাশের ভয় দেখায় বলে জানান তিনি।
জানা গেছে, হামলার ঘটনায় জড়িত আব্দুর রহমান উত্তর চরমার্টিন গ্রামের আব্দুল হাই মেস্ত্রীর ছেলে এবং নুর করিম একই গ্রামের মাস্টার বাড়ির নজির আহম্মদের ছেলে। তারা দুজনই এলাকায় চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত।
এ ঘটনায় জড়িত আব্দুর রহমান ও নুর করিম বলেন, রাতে শোকরের নেছার সাথে তাদের কথা কাটাকাটি হয়। তবে হামলার ঘটনাটি অস্বীকার করেন তারা।
অন্যদিকে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসূফ আলী (মিয়া ভাই) মুঠোফোনে জানান, হামলার ঘটনা শুনেছি। তবে তার ইন্দনে এ হামলার ঘটনা ঘটেছে মহিলা মেম্বারের এমন অভিযোগের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর শাখার সভাপতি মমিন উল্যাহ জানান, চরমার্টিন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শোকরের নেছা স্থানীয় চেয়ারম্যান কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২৮ মার্চ বুধবার সকালে একটি নালিশি অভিযোগ করেন।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মহিলা মেম্বারের উপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।