নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্তের দুর্ধর্ষ মাদক সম্রাট আবুল বাশার ওরফে বাবুলকে (৩০) ইয়াবাসহ আবারো গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে রোববার রাতে বেগমগঞ্জের ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল ভবভদ্রী গ্রামের কড়িম উদ্দিন বেপারী বাড়ির মৃত আবুল কালাম আজাদের পুত্র।

র্যাব ও স্থানীয়রা জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সীমান্তবর্তী ভবভদ্রী গ্রামসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে আবুল বাশার বাবুল।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একদল র্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কড়িম উদ্দিন বেপারী বাড়িতে বাবুলের বসতঘর ঘেরাও করে ফেলে র্যাব সদস্যরা। পরে বসতঘরে তল্লাশী চালিয়ে ১২৫ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেটসহ ইয়াবা বিক্রেতা বাবুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাবুলের বিরুদ্ধে এরআগেও বেগমগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানায় র্যাব।
এএইচ/এবি