নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ভাতিজা মো. হানিফের বটির কোপে খুন হয়েছেন আপন চাচা হাফিজ উল্যাহ (৩০)। রোববার (০৮জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ঘটনা ঘটে।
এ সময় নিহতের মা’ বিলকিছের নেছা ও বড় ভাই আব্দুল মতলবকেও কুপিয়ে জখম করা হয়। পরে নিহত হাফিজ উল্যাহর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। এছাড়া আহতদেরও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মো. হানিফ সাহাপুর গ্রামের বাসিন্দা এবং নিহত হাফিজ উল্যাহর আপন বড় ভাই আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর গ্রামের আলী আহম্মদের ছেলেদের মাঝে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে। ঘটনার দিন দুপুরে বিরোধকৃত জমিতে নারিকেল পাড়তে যান আলী আহম্মদের স্ত্রী ও নিহতের মা’ বিলকিছের নেছা। এ সময় আব্দুল মালেকের পরিবারের লোকজন বাধা দেয়। খবর পেয়ে হাফিজ উল্যাহ ও আব্দুল মতলব ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উভয়পক্ষের মাঝে তুমুল বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল মালেকের ছেলে মো. হানিফ বটি দিয়ে তার চাচা হাফিজ উল্যাহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজ উল্যাহ। একই সময় বিলকিছের নেছা ও আব্দুল মতলবকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজ উল্যাকে মৃত বলে ঘোষণা করেন।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।