আকাশবার্তা ডেস্ক :
বিসিএস, ব্যাংক ও সরকারি চাকরির পরীক্ষাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে সম্পদের পাহাড় গড়েছেন জালিয়াতচক্রের চার মাস্টারমাইন্ড। এই জালিয়াতচক্রের চারজনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃত নয়জনের তথ্যের ভিত্তিতে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন ফাঁসচক্রের মূল উৎপাটন করা সম্ভব হয়েছে। আর এখন পর্যন্ত এ জালিয়াতিচক্রের ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।
বৃহস্পতিবার (০৯আগস্ট) দুপুরে সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোল্যা নজরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, গত পাঁচ দিন সাঁড়াশি অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাস্টারমাইন্ড বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ৩৬তম বিসিএসে নন-ক্যাডার পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ইব্রাহিম এবং ৩৮তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আইয়ুব আলী বাঁধনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া কেন্দ্রে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্ন সরবরাহের অভিযোগে রাজধানীর অগ্রণী স্কুলের ইংরেজি শিক্ষক গোলাম মোহাম্মদ বাবুল, পিয়ন আনোয়ার হোসেন মজুমদার, নুরুল ইসলাম এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের সমাজবিজ্ঞানের শিক্ষক হোসনে আরা বেগম ও পিয়ন হাসমত আলী শিকদারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ‘অলিপ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার জালিয়াতির মাস্টারমাইন্ড। কয়েক বছরে তিনি জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকা আয় করেন। আর ইব্রাহিম, মোস্তফা ও বাঁধন বিসিএসসহ সব নিয়োগ প্রশ্নফাঁসের মূলহোতা। এদের চারজনের প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পেয়েছে সিআইডি।’
এছাড়া, চারজন মাস্টারমাইন্ডকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্র থেকে প্রশ্নফাঁসের পর আলিয়া মাদ্রাসা এবং ঢাবির এফ রহমান হলের দুটি কক্ষে বসে অভিজ্ঞদের দিয়ে সেই প্রশ্ন সমাধান করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করতো চক্রটি।
এদের মধ্যে ইব্রাহিমের বিলাসী জীবনের খোঁজ পাওয়া গেছে। তিনি জালিয়াতি করেই ৩৬তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। দরিদ্র পরিবারের সন্তান হলেও তার খুলনা এলাকায় চারতলা এবং নড়াইলে ডুপ্লেক্স বাড়ি রয়েছে।
রাজধানীতে রূপালি মানি এক্সচেঞ্জ নামে তার একটি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানও রয়েছে। গত কয়েক বছরে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরিতে শতাধিক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে চক্রটি। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া বেশ কয়েকজনের তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মোল্যা নজরুল আরও বলেন, ‘গতবছরের ১৯ অক্টোবর রাতে ঢাবির দুটি হলে অভিযান চালানো হয়। এরপর বিভিন্ন সময় অভিযান চালিয়ে নাটোরের ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসানসহ এ পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে পরীক্ষার আগের রাতে প্রশ্নফাঁস চক্রের মূলহোতারা ধরা পড়লেও ডিভাইসের মাধ্যমে ডিজিটাল জালিয়াতির হোতারা ধরা-ছোঁয়ার বাইরে ছিলো। অভিযান শুরুর পর আমরা এর শেষ দেখবো বলেছিলাম। সর্বশেষ অভিযানে নয়জনকে গ্রেপ্তারের মধ্যদিয়ে চক্রের শেষ প্রান্তে বলে জানান তিনি।