আকাশবার্তা ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে যমজ শিশু। দুটি শিশুই মেয়ে। তবে তাদের পেট, পা, পায়খানার রাস্তা একে অপরের সঙ্গে লাগানো। তাদের একজনের নাম আয়েশা, অন্যজনের নাম মায়েশা। যমজ শিশুদের বাবার নাম ইউনুছ (২১) ও মায়ের নাম হোসনে আরা (১৯)। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। গত ২১ আগস্ট চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় বাচ্চা দুটির।
এক সপ্তাহ ওই হাসপাতালেই চিকিৎসাধীন রেখে পরে বাসায় নিয়ে যান তারা। শিশু দুটির বাবা দিনমজুর। মা গৃহিণী। যমজ শিশুই ওই দম্পতির প্রথম সন্তান। গতকাল রোববার ‘মানব কল্যাণে এসো কিছু করি’ নামে চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একে অপরের সঙ্গে জোড়া লাগা শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুদের প্রাথমিকভাবে দেখে শিশু সার্জারি বিভাগে ভর্তি করান।
শিশু সার্জারি বিভাগের চিকিৎসক সৈয়দ আবদুল আদিল বলেন, ‘আজ (রোববার) সকালেই শিশু দুটিকে ভর্তি করানো হয়েছে। তাদের পেট, পা, পায়খানার রাস্তা ও মাসিকের রাস্তা একে অপরের সঙ্গে জোড়া লাগানো। তাদের শারীরিক সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার পরই মূলত ভেতরের অবস্থা বোঝা যাবে।’ চিকিৎসক আবদুল আদিল আরো বলেন, ‘তবে প্রাথমিকভাবে দেখে তাদের আলাদা করাটা বেশ কঠিন হবে বলে মনে হচ্ছে। তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের আলাদা করার।’