আকাশবার্তা ডেস্ক :
কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির পোস্টার নিজেই দেয়ালে দেয়ালে লাগালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েকজনকে নিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় পোস্টার সাঁটান তিনি।
জানা যায়, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উত্তরার বিভিন্ন সড়ক ও বিমানবন্দর এলাকায় রিজভীর নেতৃত্বে এই পোস্টার সাঁটানো হয়।
এ ব্যাপারে গণমাধ্যমে রিজভী বলেন, দেশে রাজনীতি করার সুযোগ সীমিত। তার পরও সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করি। দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা গণতন্ত্রের মা খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় কারাগারে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্যই সরকার তাকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে আটকে রেখেছে। আমরা তার মুক্তি চাই।
বেগম জিয়া ও দলের জন্য ত্যাগী নেতা হিসেবে পরিচিত রিজভী। অসুস্থতা নিয়েও তিনি পড়ে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। লোকজন না পেলেও রাস্তায় একাই নেমে যান মিছিলে। এবার নিজেই পোস্টার লাগিয়ে নিজের ত্যাগী ইমেজকে আরও যেন ঝালিয়ে নিলেন তিনি।