আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্বেচ্ছাসেবক দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ নেতাকর্মী আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে এ সংষর্ষের ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, বিএনপির সদর উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী ও স্থানীয় চররমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ৫ জন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলছিল। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাসনাত সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরীর সমর্থকদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে বিএনপির সদর উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরী ও স্থানীয় চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়।
এ দিকে দীর্ঘদিন ধরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাসনাত সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা চৌধুরীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলে আসছিল। ওই কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নেতাকর্মীরা দাবি করন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।