বেগমগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ইউনিয়ন যুবদল নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মো. আলম। সে আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ধীতপুর গ্রামের (কোরশপাটারী বাড়ি) আবুল কাশেমের ছেলে।
মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে ৭/৮ জনের সাদা পোষাকধারী একদল লোক নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তার বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তবে আলমকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ বা লক্ষ্মীপুর র্যাব ইউনিটে যোগাযোগ করেও তাকে আটকের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুবদল নেতা মো. আলমের বাবা আবুল কাশেম জানান, আমার পুত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে। কারণ আলমকে তুলে নেওয়ার সময় স্থানীয় আ.লীগ নেতা মাছ রহিমকে তাদের সাথে দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান জানান, আমরাও শুনেছি আলম নামের একজনকে কে বা কারা তুলে নিয়ে গেছে। তবে আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে সাংবাদিকদের জানান ওসি।