আকাশবার্তা ডেস্ক :
কক্সবাজারে বয়ফ্রেন্ডের মোটরসাইকেল থেকে পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম সুদীপ্তা চৌধুরী ইমু (১৮)। নিহত সুদীপ্তা ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ছাত্রী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার মেরিনড্রাইভ রোডের রেজুখাল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুদীপ্তা কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার ঝুলন চৌধুরীর মেয়ে। এই ঘটনায় ওই বয়ফ্রেন্ডকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেরিনড্রাইভ রোডের রেজুখাল এলাকায় বিকেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে আকস্মিকভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত সুদীপ্তা। দ্রুত তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে সুদীপ্তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাতটার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা সুদীপ্তার বয়ফ্রেন্ড জেকি কুমার সুশীলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতের ভাই সম্ময়দ্বীপ চৌধুরী জানান, জেকি সুদীপ্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি দাবি করেন জেকি কুমার তাঁর বোনকে যৌন নিপীড়নের পর পরিকল্পিতভাবে হত্যা করে নাটক করছে। সুদীপ্তা এবছর ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো। জেকি কুমার সুশীল একই এলাকার মৃত বাবুল সুশীলের ছেলে। এ ঘটনায় সুদীপ্তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক জেকিকে আটক করা হয়েছে। জেকি ও সুদীপ্তার মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।