
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মা-বাবা, ভাইসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। রোববার রাতে সদর উপজেলার পূর্বআলাদাদপুর গ্রামের আছলাম পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, ইভটিজিংয়ের শিকার ছাত্রী লক্ষ্মীপুর সরকারি কলেজে যাওয়া আসার পথে ওই বাড়ির আসিফ ও সাকিবসহ কযেকজন বখাটে তাকে প্রায় উত্ত্যক্ত করতো। এ নিয়ে বখাটেদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিকে ঘটনা জানানো হয়। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে উঠে।
এর জেরধরে রোববার বিকালে বাড়ির সামনে খেলাধূলা করার সময় বখাটেরা কলেজছাত্রীর ছোট ভাই মেহেরাজকে (৯) একা পেয়ে বেদম মারধর করে। একপর্যায়ে ভাইকে উদ্ধারে এগিয়ে এলে বখাটেরা কলেজছাত্রীর বাবা জিসান আহম্মদকে কুপিয়ে এবং মা শিল্পী আক্তার, কলেজছাত্রী জেবিন ও ছোটবোন জেরিনকে এলোপাতাড়ি মারধরসহ গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বখাটেরা পালিয়ে যায়।
উল্লেখ্য, বখাটেদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।