আকাশবার্তা ডেস্ক :
মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ ও যুবলীগ। গত ২৩ জানুয়ারি আটলান্টিক এভিনিউ এর স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
অনুষ্ঠানে ফ্লোরিডা আওয়ামীলীগে সুবিধাভোগী নেতাদের আশ্রয়ে তালিকাভুক্ত রাজাকার পুত্রকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় হতাশা ব্যাক্ত করেন বক্তারা l অনুষ্ঠানটি একপর্যায়ে প্রতিবাদ সভায় রূপ নেয়।
স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহাম্মদ বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যেখানে রাজাকারের কোন উত্তরসুরি আওয়ামীলীগের দায়িত্ব নিতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন সেখানে কার প্রশ্রয়ে ফ্লোরিডায় সাধারণ সম্পাদকের মত পদ দখল করে আছেন ফটিকছড়ির ১৪নং নানুপুর ইউনিয়নের তালিকাভুক্ত রাজাকার মৃত মৌলভী মইন উদ্দিন বংশোদ্ভুত পুত্র l
আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক দেশের রাজনীতির পাশাপাশি প্রবাসেও রাজাকার মুক্ত নেতৃত্বের দাবি জানান। সভার একপর্যায়ে আওয়ামীলীগ ক্ষুব্ধ কর্মীরা মুক্তিযোদ্ধা কমান্ড এর তালিকাভুক্ত রাজাকারদের তালিকার প্রমাণ স্বরূপ “মুক্তিযুদ্ধে ফটিকছড়ি” বইটি বের করে তাদের স্বপক্ষে প্রমাণ হাজির করেন। ফ্লোরিডা আওয়ামীলীগ সহ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী আহসান হাবীব টিপু যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড: সিদ্দিকুর রহমানের কাছে তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন l
বক্তব্যে ফ্লোরিডা আওয়ামীলীগ নেতা নওশেদ আলী চৌধুরী বলেন, শুধু রাজাকারের উত্তরসুরি নয় তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের বিষদাঁত ভেঙে দিতে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান। আওয়ামীলীগ নেতা এম জহিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রবীন নেতা আমির আলী চৌধুরী , সহ-সভাপতি ওসমান চৌধুরী অপু, রফিকুল ইসলাম, কাজী আহসান হাবিব টিপু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শিবলী চৌধুরী।
এ ছাড়াও বক্তব্য রাখেন, ফ্লোরিডা স্টেট যুবলীগ সভাপতি দয়ান চৌধুরী, সহ-সভাপতি হারুন চৌধুরী ও আলী আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ প্রমুখ l বক্তারা সকলে দলে অনুপ্রবেশকারী ও তাদের আশ্রয়দানকারীদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।