লাইফস্টাইল ডেস্ক :
ডিম খেতে প্রায় সবাই ভালোবাসে। ডিম খেলে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহে কোলস্টেরলের মাত্রা ঠিক থাকে, হৃদরোগের সম্ভাবনা কমে যায়, মস্তিষ্কের উন্নতি ঘটে এই সব একাধিক গুনে সমৃদ্ধ ডিম। কিন্তু শুধু ডিম না, ডিমের খোসাতেও আছে বহু গুনাগুন। স্বাস্থ্য থেকে রুপচর্চা সব বিষয়েই কাজে লাগে ডিমের খোসা। তাই ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন ডিমের খোসা দেখে নিন।
১. পোকামাকড়ের হাত থেকে রক্ষা :
অনেকেরই বাগান করবার শখ থাকে। বাড়িতে বাগান থাকলে পোকামাকড় তো হবেই। তাই বাগানকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ডিমের খোসা খুব কার্যকরী। বাগানে গাছের চারপাশে ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন। এতে আপনার গাছ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে।
২. বৃক্ষ রোপন :
ডিম এমনভাবে ভাঙুন যেন খোসাটি টুকরো টুকরো না হয়ে যায়। তারপর তার ভিতরে মাটি ও সার দিয়ে ছোট কোনও গাছের চারা লাগাতে পারেন।
৩. সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করে :
সাদা জামা কাপড় কিছু দিন ব্যবহার করবার পর তার উজ্জ্বলতা হারিয়ে যায়। তাই এই সব কাপড়ের উজ্জ্বলতা ফেরাতে আমরা ভীষণ চেষ্টা করি। ডিমের খোসা দিয়ে খুব ভালো সাদা কাপড় পরিষ্কার হয়। প্রথমে ডিটারজ়েন্টের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মেশান। তার মধ্যে সাদা কাপড় ভিজিয়ে রাখুন। ১ ঘণ্টা পর তা ধুয়ে নিন। দেখবেন কাপড় উজ্জ্বল দেখাচ্ছে।
৪. কফি মিষ্টি করতে :
অনেকেই কফির তেতোভাবের জন্য কফি খেতে পারেন না। কফির সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নিন। কফির তেতো স্বাদ অনেকটাই দূর হয়ে যাবে।
৫. বাসন পরিষ্কার করতে :
ডিমের খোসা খুব ভালো বাসন পরিষ্কার করে। বিশেষ করে পোড়া বাসন, ফ্রাইপ্যান। এইগুলি মাজার সময় সাবানের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো দিয়ে বাসন মাজুন বাসন চকচক করবে।
৬. কিচেনের সিঙ্কের পাইপ পরিষ্কার :
কিচেনের সিঙ্ক পাইপ পরিষ্কার করা আমাদের কাছে খুবই ঘৃণার ব্যাপার। এ ক্ষেত্রে খানিকটা ডিমের খোসা মাঝারি আকারে করে কিচেনের সিঙ্কে রেখে দিন। তা জলের সঙ্গে যাবার সময় পাইপের ময়লা পরিষ্কার করবে।
৭. গাছের সার :
গাছের সার হিসেবে ডিমের খোসা অতুলনীয়। এতে রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। যা সার হিসাবে কাজ করে।
৮. অ্যালার্জি সমাধান :
অনেকের ত্বকে অ্যালার্জির সমস্যা থাকে। এক টুকরা ডিমের খোসা আপেল সিডার ভিনিগারে মিশিয়ে দুই দিন রেখে নিন। তারপর অ্যালার্জির জায়গায় ভালো করে লাগিয়ে নিন। অ্যালার্জি কমে যাবে।
৯.ক্যালসিয়ামের যোগান :
আপনার পোষ্য কুকুরের খাবারে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দিন। তা আপনার পোষ্যের হাড় ও দাঁত শক্ত করবে। কারণ এতে রয়েছে ক্যালসিয়াম।