ক্রীড়া ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করে বক্তব্য দেওয়ার পর এবার অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়ে দিলেন স্টিভ স্মিথ।একই সঙ্গে সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নারও।
রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে একথা জানিয়ে বলা হয়েছে, স্টিভ স্মিথ অধিনায়ক ও ডেভিড ওয়ার্নার সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের বাকি সময়ে অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক টিম পেইন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনার পর তারা অধিনায়ক ও সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে রাজি হন।’
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টটি এগিয়ে নিতে হবে এবং এরই মাঝে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু গুরুত্বের সঙ্গেই বিষয়টির তদন্ত অব্যাহত রাখবো।’
এএইচ/এবি